জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অবরুদ্ধ

জাবি (প্রথম খবর.কম) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ লাঞ্ছিত হওয়ার ঘটনায় একই বিভাগের শিক্ষক শিক্ষক ড. নূহু আলম ও অধ্যাপক তালিম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ বদরুল আলম সাংবাদিকদের তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গ্রেফতারকৃত দুই শিক্ষকের মুক্তির দাবিতে ভিসির বাসভবন রাত ৩টা থেকে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষকরা।

বুধবার দিবাগত রাত ৩টার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গ্রেফতারকৃত দুই শিক্ষকের মুক্তির দাবিতে ভিসির বাসভবনের সামনে জমায়েত হন। তারা আটককৃত দুই শিক্ষককের মুক্তির দাবি জানান। মুক্তি দেওয়া না হলে বুধবার রাতেই ঢাকা আরিচা মহা সড়ক অবরুদ্ধ করার হুমকি দিয়েছেন। একই সঙ্গে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের যেকোনো অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে বলে সতর্ক করেন তারা। শিক্ষকরা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারের নির্দেশেই তাদের গ্রেফতার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, এ বিষয়টি সম্পর্কে তিনি জানেন না।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দের পদত্যাগের দাবিতে বিভাগের শিক্ষকরা তাকে অবরুদ্ধ করেন। এ সময় আলী আকন্দ মিডিয়ার সামনে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেন।

ওই বিভাগের শিক্ষকরা তাকে কক্ষের ভেতরে আসতে বলেন। তিনি যেতে না চাইলে শিক্ষকরা জোর করে ভেতরে নিয়ে যান। এ সময় ড. নূহু আলম, অধ্যাপক তালিম হোসেন ও ছালেহ আহাম্মেদ খান তাকে মারধর করেন বলে প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়।

তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে নেওয়া হয়। পরে সেখান থেকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ড. নুহু আলম সানবাদিকদের বলেন, ‘তিনি মিডিয়ার সামনে শিক্ষকদের সম্পর্কে অশ্লীল বক্তব্য দেওয়ায় আমরা তাকে অফিসের ভেতরে আসতে বলি। তিনি ভেতরে না আসতে চাইলে আমরা তাকে জোর করে আনার সময় তিনি আমাদের এক সহকর্মীকে লাথি দিতে গিয়ে পড়ে যান’।


প্রথম খবর.কম-২৬-০৪-২০১২

FacebookTwitterGoogle+LinkedInEmailDiggPinterestRedditStumbleUpon