ঢাকা (প্রথম খবর.কম) : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব সাংবাদিক দম্পতি সাগর-রুনির লাশ কবর থেকে উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে । এরইমধ্যে আজিমপুর কবরস্থানের আশেপাশে ৠাব সদস্যরা অবস্থান নিয়েছেন। ২টি কফিন প্রস্তত রাখা হয়েছে। বেশিরভাগ মিডিয়াকর্মীরা ভেতরে অবস্থান নিয়েছেন। কবরস্থানের বাইরে উৎসুক জনতা ভিড় করে আছেন।
একজন র্যাব সদস্য বলেন, আমাদের প্রস্তুতি চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ আসলেই লাশ উত্তোলন করা হবে।
মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম এ সাংবাদিক দম্পতির লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে র্যাবের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক উইংয়ের এএসপি জাফর উল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা সাগর-রুনির লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দেন। কবর থেকে লাশ উত্তোলনের কাজ তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সাগর-রুনী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি জাফর উল্লাহ ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে সাগর-রুনির লাশের ভিসেরা সংরক্ষণ ও রাসায়নিক পরীক্ষার জন্য লাশ কবর থেকে তোলার জন্য আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি মামলার তদন্তভার পাওয়ার পর মামলার নথি পর্যালোচনা করে দেখেন যে, সাগর-রুনির ভিসেরা সংরক্ষণ করা হয়নি। নিহতদের ঢাকা আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এমতাবস্থায় ন্যায় বিচারের স্বার্থে নিহতদের ভিসেরা সংরক্ষণ ও রাসায়নিক পরীক্ষার জন্য লাশ কবর থেকে উত্তোলন করা আবশ্যক।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ন্যায়বিচারের স্বার্থে লাশ কবর থেকে তোলার নির্দেশ দেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদেশের কপি অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মনোজ কুমার রায়ের কাছে পাঠান তিনি।
প্রথম খবর.কম-২৬-০৪-২০১২




















